একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত ১২টার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।
এছাড়া, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলার আসামি তিনি।







