রাজধানীর হাজারীবাগে একটি অবৈধ বাংলা মদ উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, রাসায়নিক দ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) রাত ৩টা ৩০ মিনিটে সেনাবাহিনীর সাইন্সল্যাব আর্মি ক্যাম্পের একটি দল হাজারীবাগের বাড্ডা নগরীতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ৭৯৫ লিটার অবৈধভাবে উৎপাদিত বাংলা মদ, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, মদ তৈরির সরঞ্জাম এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এটি ছিল একটি অস্থায়ী গোপন কারখানা, যেখানে রাসায়নিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্র, ফারমেন্টেশন ব্যারেল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে মদ উৎপাদন করা হচ্ছিল।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। কারখানাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং উদ্ধার করা মদ ও রাসায়নিক দ্রব্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনী জানয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মদ উৎপাদন ও সরবরাহ বন্ধে তাদের এই অভিযান চলমান থাকবে এবং এই অভিযান আবারও প্রমাণ করে যে, সমাজে মাদকবিরোধী কার্যক্রমে সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।







