বাংলাদেশ নারী ফুটবল দলের ‘মিশন অস্ট্রেলিয়া’ সফল করতে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে ও দলকে খেলার মধ্যে রাখার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে শুরু হয়েছে মেয়েদের ফুটবল লিগ। উদ্বোধনী খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল ক্লাবের কাছে হেরেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় নামে পুলিশ ও সেনাবাহিনী। ম্যাচের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে নজরকাড়া দুই গোল করে ম্যাচ জিতে নেয় সেনাবাহিনী। দুটি গোলই আসে সেনাবাহিনীর তনিমা বিশ্বাসের থেকে। ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।
প্রথমার্ধে পুলিশের আধিপত্য ধরে খেলার মাঝে প্রথমে গোল করে সেনাবাহিনী। ৩৭ মিনিটে আক্রমণে উঠে ঠিকঠাক কাজটা করতে পারছিল না দলটির ফরোয়ার্ডরা। ওই বল ব্যাক পাস করে ডি বক্সের বাইরে দেন, সেখান থেকে তনিমার দূরপাল্লার জোরালো শট টপকর্নার দিয়ে পুলিশের গোলকিপারের জালে জড়ায়। ১-০ গোলে এগিয়ে যায় দলটি।
সানজিদা খাতুন, সাগরিকা, কোহাতি কিসকুর মত তারকাদের নিয়ে দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ সাজিয়েছিল পুলিশ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। উল্টো ৬৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে মোছাম্মত সুলতানার পাসে আবারও জোরালো শটে গোল করেন ওই তনিমা, ২-০ গোলে এগিয়ে যায় সেনাবাহিনী।
পরে ব্যবধান অটুট রেখে আসরের প্রথম ম্যাচ নিজেদের করে নেয় সার্ভিসেস দলটি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠে তনিমার হাতে। ম্যাচসেরার পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা তুলে দেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান।







