জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এতে শেখ মুজিব চরিত্রে অভিনয় করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেতা।
বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবি ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর অনেকের মনে প্রশ্ন জেগেছে, শেখ মুজিব চরিত্রে অভিনয়ের পর থেকে শুভ কি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন?
এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন আরিফিন শুভ। শনিবার সন্ধ্যায় নিজের ফ্যান পেজে ‘মুজিব নিয়ে যে কোনো প্রশ্ন করুন’ প্রসঙ্গে একটি পোস্ট দেয়ার পর একাধিকবার রাজনীতি করবেন কিনা এই প্রশ্ন করেছে অনুসারীরা।
উত্তরে আরিফিন শুভ বলেন, আমার নেশা পেশা অভিনয়। আমি অভিনয় নিয়ে থাকতে চাই।
আরেকজন জানতে চান, প্রথম যখন মুজিব চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে তখন আপনার রিঅ্যাকশন কেমন ছিল? শুভ জানান, তার কাছে প্রথম অফার আসেনি। অডিশনের অফার এসেছিল। বলেন, ভারতে ২ বার এবং বাংলাদেশে ৩বার মোট ৫বার অডিশন দেয়ার পর আমাকে নির্বাচিত করা হয়।
শুভর কাছে আরেক অনুসারী মন্তব্য করে জানতে চান, মুজিব কি বাস্তব জীবনে এতো রোমান্টিক ছিলেন? কোন দৃশ্যে অভিনয় করতে বেশি কষ্ট হয়েছে? শুভ বলেন, মুজিব তো মানুষের উর্ধ্বে নয়, উনিও পারিবারিক মানুষ ছিলেন। সেগুলো আমরা পর্দায় দেখেছি। পুরো জার্নিটা আমার জন্য স্মরণীয়। তবে ১৫ আগস্টের দৃশ্য করতে বেশি কষ্ট হয়েছে।
অনুসারীরদের প্রশ্নের উত্তরে শুভ জানান, ২০১৯ সাল থেকে তিনি এ ছবিতে মুজিব চরিত্রের জন্য রিহার্সাল করেছেন। ২৭ অক্টোবর ভারতেও মুক্তি পাবে ছবিটি। একে একে বিশ্বের অন্যান্য দেশে মুক্তি দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।








