২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলকে কেন্দ্র করে আন্তর্জাতিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরাসরি অভিযোগ করেছেন- ব্রাজিল সরকার, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি যৌথভাবে আর্জেন্টিনা ও জাতীয় ফুটবল দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সুসংগঠিত ‘আর্জেন্টিনা-বিরোধী ক্যাম্পেইনে’ অর্থায়ন করেছে।
ফরাসি ক্রীড়া মাধ্যম ফুট মারকাতোর বরাতে জানা যাচ্ছে, রেডিও মিত্রে দেয়া সাক্ষাৎকারে মিলেই এই চাঞ্চল্যকর দাবি করেছেন। কোন সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন ছাড়াই প্রেসিডেন্ট মিলেই দাবি করেছেন, ‘আর্জেন্টিনা ও জাতীয় ফুটবল দলের ক্ষতি করতে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে।’
মিলেই ইঙ্গিত দিয়েছেন, আর্জেন্টিনা-বিরোধী প্রচারণার মোট বাজেটের প্রায় ২৫% অর্থ এসেছে সরাসরি ব্রাজিল সরকার থেকে। তিনি প্রগতিশীল চিন্তাবিদ ও বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর সমালোচনা করে বলেছেন, ‘বিশ্বমঞ্চে তার রাজনৈতিক মতাদর্শের প্রসার রোধ করতেই জাতীয় ফুটবল দলকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।’
এই বক্তব্যের ফলে বুয়েন্স আয়ার্স ও ব্রাজিলিয়ান কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাসহ একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মিলেইয়ের ধারাবাহিকভাবে দেয়া এই বক্তব্য দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।







