ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার উদ্যোগে ঢাকার টঙ্গীতে শুরু হয়েছে প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং ক্যাম্প। বাংলাদেশসহ ১৭টি দেশের ৭০ জন আর্চার এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন। এছাড়া আরও ৯টি দেশের টেকনিক্যাল অফিসিয়াল ও অতিথিরা আয়োজনে অংশ নেন। আয়োজনের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। চার দিনব্যাপী এ ইভেন্টটি সরাসরি দেখা যাবে চ্যানেল আই’তে।
এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আর্চারির নতুন অধ্যায় শুরু করলো বাংলাদেশ। প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ আশা করেছেন শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাবে বাংলাদেশ।
নতুন কুঁড়ির প্রথম আসরে আর্চারি ইভেন্ট না থাকলেও পরের আসর থেকে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা বলেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি। কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তার শুরু করে দেয়া এ আসর পরবর্তীতেও সচল থাকবে আশা প্রকাশ করেন চপল।
বৃহস্পতি এবং শুক্রবার টঙ্গীর বাংলাদেশ আর্চারি ট্রেনিং একাডেমিতে চলবে ট্রেনিং প্রোগ্রাম। মূল প্রতিযোগিতা হবে ১ ও ২ আগস্ট। ট্রেনিং ক্যাম্পে স্পোর্টস ইনজুরি প্রিভেনশন, নিউট্রিশন, স্পোর্টস সাইকোলজি এবং অ্যান্টি ডোপিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেশন পরিচালিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, যুগ্ম সম্পাদক সোহেল রানা ও রুবেল হোসেন, কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন। এছাড়া বাংলাদেশ আর্চারি দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকসহ ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







