কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৩০), মোহাম্মদ ইসমাইল (২৭) এবং তাদের সঙ্গে থাকা পরিচয় শনাক্ত না হওয়া এক কিশোর।
স্থানীয় সূত্র জানায়, সকালে মাছ ধরার জন্য নাফ নদীতে যাওয়ার পর আরাকান আর্মির সদস্যরা একটি স্পিডবোটে এসে বাংলাদেশি জেলেদের ট্রলারটি ঘিরে ফেলেন। পরে অস্ত্রের মুখে তিন জেলেকে ট্রলারসহ মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আরাকান আর্মির সদস্যরা সুযোগ পেলেই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। এতে স্থানীয় জেলেদের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে।
তিনি আরও বলেন, এর আগেও একই এলাকা থেকে বিভিন্ন সময়ে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, তিনজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।








