ছোটপর্দার ‘সুপারস্টার’ জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে হালের ক্রেজ নাজনিন নাহার নিহা প্রথমবার জুটিবদ্ধ হলেন। ভ্যালেন্টাইনে দর্শকদের নতুন চমক দেয়ার লক্ষ্যেই ‘মন দুয়ারী’ শিরোনামের নতুন নাটকে তাদের মেলবন্ধন করালেন সময়ের প্রশংসিত নির্মাতা জাকারিয়া সৌখিন।
‘পথে হলো দেরী’ নাটক বানিয়ে সাড়া ফেলা এই নির্মাতা জানালেন, পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’।
গল্পের ধারণা দিতে নির্মাতা সৌখিন যেমনটা বললেন, দাদীকে নিয়ে যেতে অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে এসেছেন। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে, মিষ্টি-দুষ্টু মেয়ে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়।
নিহার জন্য অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়েটির নাম দেয় ‘মন-দুয়ারী’। নাটকটি যৌথভাবে রচনা করেছেন নাসির খান এবং জাকারিয়া সৌখিন।
উঠতি অভিনেত্রী নিহাকে নিয়ে প্রথম কাজ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নিহার মধ্যে অনেকদূর যাওয়ার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা আছে। সে শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণটিই যথেষ্ট। এই নাটকে নিহা এতো ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।’
নিহা বলেন, আমার স্বপ্ন ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার। সেই স্বপ্নটি পূরণ হয়েছে। এতে আমি অনেক খুশি। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া মিলে আমাকে সবসময় হেল্প করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।
সিএমভি’র ব্যানারে বড় আয়োজনে অনেকদিন ধরে ‘মন-দুয়ারী’ নির্মিত হচ্ছে। এর আগে অপূর্বকে নিয়ে নির্মাতা সৌখিন বড় পরিসরে ‘পথে হলো দেরী’ বানিয়েছিলেন । এবারও তাদের সেই প্রচেষ্টা অব্যাহত। নির্মাতা সৌখিন বলেন, ১৩ দিনে মন দুয়ারী’র শুটিং হয়েছে ঢাকা, নবাবগঞ্জ এবং রাজশাহীতে শুটিং হয়েছে। নাটকটি নিয়ে আশাবাদী প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু নিজেও।
প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন। এমন ভিন্ন প্রজেক্ট করার সাহস আর উৎসাহ দেয়ার জন্য প্রযোজক পাপ্পু ভাইর প্রতি ধন্যবাদ।’
নাটকটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।
জাকারিয়া সৌখিনের নাটক মানেই বাড়তি চমক হিসেবে থাকে নতুন গান, আর সেটির অসাধারণ ভিজ্যুয়াল। এবারের ‘মন-দুয়ারী’তে থাকছে দুটি গান।
সোমেশ্বর অলির কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন রেহান রসূল ও কনা। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।
পরিচালক জাকারিয়া সৌখিন জানান, আসছে ১৪ ফেব্রুয়ারির বিশেষ কনটেন্ট হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মন দুয়ারী’।








