জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন উপাচার্য নিয়োগের পর এবার বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন, উপ-উপাচার্য (শিক্ষা) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, এবং কোষাধ্যক্ষ পদে গণিত বিভাগের অধ্যাপক আব্দুর রব। এদের মধ্যে অধ্যাপক রব বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিনের দায়িত্বে রয়েছেন। তিনি জাবিতে জাতীয়তাবাদী দল-বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। অন্যদিকে অধ্যাপক সোহেল আহমেদ ক্যাম্পাসে আওয়ামী লীগের শিক্ষক রাজনীতির সাথে জড়িত।
প্রজ্ঞাপনসমূহে বলা হয়, তাদের এ নিয়োগ চার বছরের জন্য হলেও রাষ্ট্রপতি বা আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। তারা উপর্যুক্ত পদে থাকাকালীন বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদী ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন-বিধি ছাড়াও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। এছাড়াও ক্যাম্পাসে অবস্থান করতে হবে তাদের।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর জাবির নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি জাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।








