এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার খুনের হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান। সোমবার (৪ নভেম্বর) রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটসঅ্যাপে এই হুমকি বার্তা এসেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রের খবর, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয়, সেখানে দাবি করা হয়েছে, ‘‘লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তাহলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনটাই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।’
এই বার্তা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, আদৌ বার্তা প্রেরক কি আনমোল বিষ্ণোই কিনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর ট্রাফিক পুলিশের কাছে সালমানকে খুন করার হুমকি বার্তা এসেছিল। সেই সময়ে দু’কোটি টাকা দাবি করা হয়েছিল।
গত ১৮ অক্টোবর মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সালমান খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে, না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এরপরেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। ওই উড়ো মেসেজের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ বিষ্ণোইয়ের নাম করে তিনিই সালমানকে হুমকি দিয়েছিলেন।
গত এক মাসের মধ্যে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন ‘ভাইজান’। বান্দ্রায় তার বাসভবনের সামনে গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিষ্ণোই গ্যাং জড়িত বলে দাবি করেছে পুলিশ। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তার পর পরই গত ১৯ অক্টোবর এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে দুষ্কৃতীরা খুন করে।
ঘটনাচক্রে বাবা সিদ্দিকির সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অনেকেই জানেন। সেই ঘটনার পর উপর ‘চাপ’ বেড়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। যদিও মুম্বাই পুলিশ বাবা সিদ্দিকির খুনের ঘটনার পর থেকেই ‘ভাইজান’-এর নিরাপত্তা আরও বাড়িয়েছে। কিন্তু তারপরেও তাকে খুনের লাগাতার হুমকি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।- টাইমস নাউ







