ছাত্র-জনতার গণআন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদকে অব্যাহতি এবং দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল (১০ নভেম্বর) রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান মুকুল নিশ্চিত করেছেন।
এই বিষয়ে একাধিক সিন্ডিকেট সদস্য জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়ার পর থেকে অধ্যাপক বশির আহমেদ অনুষদের কোন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেননি। এই কারণে অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিন্ডিকেটের পরামর্শে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ৮ (২) ধারা অনুসারে অধ্যাপক বশিরকে ডিন পদ দিতে অব্যাহতি দিয়ে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলমকে ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তাদের উভয়ের বিরুদ্ধে গত ১৫ ও ১৭ জুলাই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর বর্বর হামলায় মদদ দেওয়ার অভিযোগ আছে।










