চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী অঞ্জনাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ২টার দিকে তার মরদেহ চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
দুপুর ২টা ১৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয় অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রীর। চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।
শেষবারের মতো গুণী এই অভিনয়শিল্পীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অঞ্জনার পরিবারের সদস্যসহ, চ্যানেল আইয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সিনেমার পরিচিত মুখ।
জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি চ্যানেল আইয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান হারুন-অর-রশীদ।
জানাজা সম্পন্ন হওয়ার পর চ্যানেল আই থেকে অঞ্জনার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বনানীর উদ্দেশে রওনা হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন এই অভিনেত্রী।
১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অঞ্জনা। এছাড়া তিনি মোহনা (১৯৮৩), পরিণীতা (১৯৮৬) এবং রাম রহিম জন (১৯৮৯) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে তিনবার বাচসাস পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর (১৯৭৬)। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।
১৯৭৮ সালে তিনি আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের বিপরীতে তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস জাভেদ , মিঠুন চক্রবর্তী, (ভারত) ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী, রুবেল, সুব্রত বড়ুয়া, মান্নার মতো তারকা নায়কদের সাথে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন।
প্রসঙ্গত, রাজধানীর পিজি হাসপাতালে বিগত তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা। তার আগে ২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল।
পরে চিকিৎসকরা জানান, তার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। এর ফলে হার্ট ও কিডনিতে সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমেছে। এর মধ্যে স্ট্রোকও হয় একবার। শুক্রবার দিনগত রাত ১টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।







