অ্যামি জ্যাকসনের সৌন্দর্য এতদিন হাজারও ভক্তকে মুগ্ধ করেছে। অথচ সম্প্রতি তার ছবি দেখে অবাক ভক্তরা। অনেকেই মনে করছেন সার্জারি করিয়ে নিজের চেহারা বদলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অ্যামির চেহারা বদল নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে আবার তাকে ‘ওপেনহেইমার’ অভিনেতা সিলিয়ান মারফির সঙ্গেও তুলনা করছেন। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে অ্যামি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত একমাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি ইউকেতে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘অনলাইনের সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমি পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করেছি যারা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলেছেন, তাদের প্রশংসা করা হয়েছে। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রল করার অধিকার তাদের আছে।’
সিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আনন্দের আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’
ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন কাজ করেছেন বলিউডেও। অক্ষয়ের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ এবং রজনীকান্তের বিপরীতে ‘২.০’-তে দেখা গেছে অ্যামিকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








