লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী শাহনাজ বেগমকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘরে রক্তাক্ত লাশটি রেখে পালিয়ে যায় ঘাতক স্বামী শিহাব উদ্দিন।
বৃহস্পতিবার ২০ জুন উপজেলার সুজন গ্রামে ভাড়া বাসায় শাহনাজকে হত্যা করা হয়। অভিযুক্ত শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুয়াজ্জিনের চাকরি করায় শিহাব তার স্ত্রী শাহনাজকে নিয়ে সুজন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন৷ ঘটনার সময় শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এরমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে শিহাব তার হাতে থাকা ধারালো চুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই শাহনাজের মৃত্যু হয়। একপর্যায়ে নিতর দেহ ঘরে রেখে পালিয়ে যান শিহাব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কার্ত্তিক চন্দ্র দাস জানান, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।








