ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার। লিভারপুলের কোচ আর্না স্লট জানিয়েছিলেন বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে তাকেও পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
রিয়াল মাদ্রিদ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভিনিসিয়াসের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং তার সার্ভিক্যাল চোট ধরা পড়েছে। তার চোটের উন্নতি পর্যবেক্ষণ করা হবে।’
ম্যাচের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন তিনি ‘দুঃখিত এবং চিন্তিত’ দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়রের ব্যথায়। সংবাদমাধ্যম ইএসপিএন জানাচ্ছে, ভিনিসিয়াসকে ব্রাজিল স্কোয়াড থেকে বাদ দেয়া হবে।
এর আগে ইপিএলে ৫ অক্টোবর শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চোট পান অ্যালিসন বেকার। ম্যাচের ৭৯তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। পরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ব্রাজিলিয়ান এই গোলকিপার। তবে শিগগিরই ফেরার আশা নেই তার। লিভারপুল কোচ আর্না স্লটের শঙ্কা, অন্তত বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।







