প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে টেনিসে ফাইনালে উঠেছেন স্পেনের কার্লোস আলকারাজ। সেমিফাইনালে হারিয়েছেন কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমকে।
র্যাঙ্কিংয়ে ১৩তম স্থানে থাকা ফেলিক্স সরাসরি সেটে হেরেছেন আলকারাজের কাছে। ফাইনালে স্প্যানিশ তারকার প্রতিপক্ষ হবেন সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ বা ইতালির লরেঞ্জো মুসেত্তি। বাংলাদেশ সময় রাত ৯টায় গড়াবে ওই প্রতিপক্ষের লড়াই।
রোলাঁ গারোঁর কোর্টে নেমে এক ঘণ্টায় শেষ হওয়া ম্যাচে ফেলিক্স হেরেছেন ৬-১, ৬-১ সেটে। আলকারাজ প্রথম সেটে ৬-১ ব্যবধানে জেতেন। দ্বিতীয় সেটেও কোনো প্রতিরোধ গড়তে পারেননি ফেলিক্স।
টেনিসে এককে ফাইনালে উঠলেও দ্বৈতে আগেই হেরে বসেছেন আলকারাজ। ওই ইভেন্টে তার সঙ্গী ছিলেন আরেক স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল।







