লিগের প্রথম ম্যাচে আল রাইদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আল নাসের। এবার দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবেই ঘুরে দাঁড়িয়েছে তারা। অ্যান্ডারসন তালিস্কার জোড়া গোল আর ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোলে দাপুটে জয় পেয়েছে আল নাসের।
সৌদি প্রো লিগের ম্যাচে মঙ্গলবার রাতে আল ফায়হার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আল নাসের। ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে এখন ৮৯৯ নম্বর গোল সিআর সেভেনের।
মৌসুমের প্রথম জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কিছু ছবি পোস্ট করেন রোনালদো। শিরোনামে লিখেন, ‘এ তো কেবল শুরু, চলো এগিয়ে যাই’।
এবারের মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবগুলোতে গোল করেছেন রোনালদো। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও দুটি। লিগ শুরুর আগে সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালেও গোল করেছেন তিনি। ফাইনালে অবশ্য আল হিলালের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আল নাসের।








