২০২৩ সালে অক্ষয়ের ক্যারিয়ারের মোড় ঘুরবে, এমনটাই আশা করা হয়েছিল। কারণ ২০২২ সালে বক্স অফিসে সাফল্যের মুখ দেখা হয়নি অক্ষয়ের। কিন্তু সেই আশাও ভেঙে দিয়েছে ‘সেলফি’।
অক্ষয়ের ১৪ বছরের সবচেয়ে খারাপ ওপেনিং ছিল এই ছবিটি। ছবির ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছেন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম ‘আজ তক’-এ দেয়া সাক্ষাৎকারে অভিনেতা এই প্রসঙ্গে বলেছেন, ‘এমনটা এবারই আমার ক্যারিয়ারে প্রথম নয়, এর আগে টানা ষোলটি ছবি ফ্লপ হয়েছিল এক সময়ে। এমন সময় গেছে যখন টানা আটটি ছবি ব্যর্থ হয়েছে। এখন তিন-চারটি ছবি সফল হয়নি। যা হচ্ছে তা নিজের ভুলের কারণেই হচ্ছে। দর্শক বদলেছে, নিজেকেও বদলাতে হবে। নিজের মাঝে পরিবর্তন আনতে হবে। নতুন করে শুরু করতে হবে কারণ দর্শক ভিন্ন কিছু দেখতে চায়।’
অভিনেতা আরও বলেন, ‘এটা এক ধরনের সংকেত, সিনেমা চলছে না মানে নিজের ভুল হচ্ছে কোথাও। যখন টানা একাধিক ছবি ফ্লপ হয়, তখন সেটা নিজেকে বদলানোর সংকেত। আমি চেষ্টা করছি, সেটাই করতে পারি শুধু।’
অক্ষয় বলেন, ‘সিনেমা না চললে দর্শককে দোষারোপ করা উচিত নয়। এটা আমার ভুল, শতভাগ।’
অক্ষয়ের সর্বশেষ ব্যবসা সফল ছবি ছিল ২০২১ এর ‘সূর্যবংশী’। রোহিত শেটি পরিচালিত এই ছবিটি দর্শক-সমালোচকের প্রশংসাও পেয়েছিল।
এছাড়া ‘রাম সেতু’ গড় ব্যবসা করলেও বচ্চন পান্ডে, সম্রাট পৃথ্বিরাজ এবং রক্ষা বন্ধন ছবি তিনটি একেবারে ফ্লপ করে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








