বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়ে ভালো খেলছেন ডানহাতি পেসার আকাশ দীপ। সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন সতীর্থ বিরাট কোহলি থেকে ব্যাট উপহার পেয়েছেন। কিংবদন্তি ব্যাটার থেকে ব্যাট উপহার পেয়ে অনেক খুশি হয়েছেন ২৭ বর্ষী তারকা।
সংবাদমাধ্যমের সাথে আলাপে আকাশ জানিয়েছেন, ‘বিরাট ভাই আমাকে এই ব্যাট উপহার দিয়েছেন। তিনি নিশ্চয় আমার ব্যাটিং পছন্দ করেছেন। তিনি এসে আমাকে জিজ্ঞেস করলেন আমি তার ব্যাট চাই কিনা।’
‘বিরাট কোহলিকে কেন না বলবেন? তিনি একজন কিংবদন্তি। বললেন, ব্যাটিংয়ের সময় কোন ব্যাট ব্যবহার করি।’
ব্যাটটিকে স্মারক হিসেবে সংরক্ষণ করার বিষয়ে আকাশ বলেছেন, ‘এই ব্যাট দিয়ে কখনোই খেলব না। এটা বিরাট ভাইয়ের থেকে পাওয়া বড় উপহার। এটা আমার ঘরের দেয়ালে স্মারক হিসেবে রেখে দেব। ব্যাটে তার একটা অটোগ্রাফও নিয়ে রেখেছি।’
প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ভারত। ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মঙ্গলবার কানপুর যাবে টিম টাইগার্স। সেখানে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।







