বিনোদন

‘দৃশ্যম ৩’র সাফল্যের মাঝেই যে বিপত্তিতে অজয়

‘দৃশ্যম ৩’র সাফল্যের মাঝেই যে বিপত্তিতে অজয়

‘দৃশ্যম ৩’ দিয়ে বক্স অফিসে সাফল্যের মুখেই নতুন করে শিরোনামে বলিউড অভিনেতা অজয় দেবগণ। মুম্বাইয়ের জুহুতে তার বাংলোর একাংশ ভেঙে ফেলেছে বৃহন্মুম্বই পৌরসভা। অভিযোগ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বাড়িতে একাধিক নির্মাণ ও পরিবর্তনের কাজ চলছিল।

কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্মাণ অব্যাহত থাকায় পুরসভার এই পদক্ষেপ বলে জানা গেছে।

মুম্বাইয়ের জুহু এলাকার কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত অজয় দেবগণের বাংলোটির আয়তন প্রায় ৭,৮০২ বর্গফুট। পৌরসভার অভিযোগ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বাড়ির ভিতরে একাধিক পরিবর্তন করা হচ্ছিল। এর মধ্যে ছিল ঘরের অভ্যন্তরীণ কাঠামোয় বদল, পার্টিশন দেওয়াল তৈরি, জানালার পরিবর্তন এবং অন্যান্য নির্মাণ সংক্রান্ত কাজ।

এই নির্মাণের বিষয়ে গত ১০ সেপ্টেম্বর মুম্বাইয়ের পৌরসভার তরফে নোটিস দেওয়া হয়েছিল। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৩৫৪এ ধারায় জারি করা ওই নোটিসে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, নির্মাণ সংক্রান্ত বৈধ নথিপত্র জমা দেওয়ার কথাও জানানো হয়েছিল। কিন্তু পৌরসভার দাবি, নির্দেশের পরেও নির্মাণকাজ বন্ধ হয়নি।

এরপরই শনিবার (১৭ অক্টোবর) পৌরসভার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির যে অংশ অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ উঠেছিল, তা ভেঙে দেন। ঘটনাস্থলের দৃশ্যে হাতুড়ি দিয়ে নির্মাণ ভাঙতে দেখা গেছে আধিকারিকদের।

একদিকে বক্স অফিসে ‘দৃশ্যম ৩’র সাফল্য অন্যদিকে ব্যক্তিগত সম্পত্তি নিয়ে বিতর্ক—দুই কারণে আলোচনায় অজয় দেবগণ। তার অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অভিষেক পাঠকের পরিচালনায় তৈরি এই ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটির বক্স অফিসের গণ্ডিও পেরিয়েছে।

এরই মধ্যে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিয়েও বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। ‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপনের সূত্রে অজয় দেবগণ, শাহরুখ খান ও টাইগার শ্রফকে শো-কজ নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। অভিযোগ, এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ পণ্যের পরোক্ষ প্রচার করতে পারে। তবে জুহুর বাংলোর নির্মাণ সংক্রান্ত ঘটনায় অজয় দেবগণের কোন প্রতিক্রিয়া এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত উল্লেখ করা হয়নি।

বিষয়:অজয় দেবগণ বলিউড অভিনেতা বৃহন্মুম্বই পুরসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…