আন্তর্জাতিক

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ যাত্রীর মৃত্যু

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ যাত্রীর মৃত্যু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।

আজ (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সিমারিয়া এলাকার বারিয়াতু পঞ্চায়েতের ঘন জঙ্গলঘেরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

এতে থাকা সাতজনই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, সিমারিয়ার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সরাজদীপ সিং, সঞ্জয় কুমার, বিকাশ কুমার গুপ্ত, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী ও ধুরু কুমার।

তাদের মধ্যে লাতেহার জেলার বাসিন্দা সঞ্জয় কুমার (৪১) গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি শরীরের ৬৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল বলে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্ঘটনার সময় এলাকায় প্রবল ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়:এয়ার অ্যাম্বুলেন্স ঝাড়খণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…