নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা মারা গেছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট বাইপাস সড়কের রোহিতার পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা এবং আব্দুর রশীদের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার বল্ক এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সুমন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









