১৭ দিন পর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিক জীবিত উদ্ধার

১৭ দিন পর সুড়ঙ্গে আটকা পড়া ৪১ শ্রমিককে উদ্ধারকারীরা নিরাপদে বাইরে আনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে ১৭ দিন পর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শ্রমিকদের সেবায় সেখানে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। আর সেখানেই শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
মঙ্গলবার ২৮ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টা ২৭ মিনিটের দিকে প্রথম শ্রমিককে বের করে আনা হয়। রাত ৯টা ১০ মিনিটের দিকে সব শ্রমিককে উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এছাড়াও সুড়ঙ্গের মুখে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স। প্রস্তুত রাখা হয়েছে বিমানবাহিনীর একটি চিনুক হেলিকপ্টার। উদ্ধারকৃত কোনও শ্রমিকের জরুরি চিকিৎসা প্রয়োজন হলে তাকে এয়ারলিফট করে বড় হাসপাতালে নিয়ে যেতে এই হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রত্যেক শ্রমিককে বের হয়ে আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগছে। উদ্ধার করা প্রথম তিন শ্রমিককে বিশেষভাবে পরিবর্তিত স্ট্রেচারে বের করে আনা হয়েছে। এগুলোকে ম্যানুয়ালি পাহাড়ে ছিদ্র করা একটি দুই মিটার চওড়া গর্ত দিয়ে পাইপের মাধ্যমে নিচে নামানো হয়েছিল।

এনডিআরএফ কর্মীরা প্রথমে পাইপ দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আটকে পড়াদের দিকনির্দেশনা দেন উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে। প্রতিটি শ্রমিককে স্ট্রেচারে বেঁধে ৬০ মিটার গভীর থেকে উপরে তুলে আনা হচ্ছে।
গত ১২ নভেম্বর ভোরে নির্মাণাধীন ওই সুড়ঙ্গটির একটি অংশ ধসে পড়ে। এ সময় এর ভেতরে ৪১ শ্রমিক আটকা পড়েন। গত ১৭ দিন ধরে সেখানে আটকে রয়েছেন তারা। আটকে পড়ার প্রথম দিন থেকেই তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।






