আফগানিস্তানের কনসাল জেনারেল জাকিয়া ওয়ারদাককে দুবাই থেকে প্রায় ২৫ কোটি মূল্যের ২৫ কেজি স্বর্ণ ভারতে পাচারের চেষ্টার অভিযোগে আটক করেছিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। এরপর অভযোগ অস্বীকার করে পদত্যাগ করেছেন জাকিয়া।
রোববার (৫ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শনিবার ওই সোনা পাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে আফগান কূটনীতিবিদ পদত্যাগ করেছেন। গত মাসের শেষের দিকে তাকে স্বর্ণসহ আটক করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, তিন বছর আগে তাকে কনসাল জেনারেল হিসেবে ভারতে পাঠানো হয়েছিল। গত বছর থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসবে কর্মরত ছিলেন।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি লিখেছেন, একের পর এক ব্যক্তিগত আক্রমণ, তার সম্মানহানির জেরে তিনি পদত্যাগ করছেন। তিনি বলেন, ‘গত এক বছরে আমি অসংখ্যবার ব্যক্তিগত আক্রমণ এবং মানহানির সম্মুখীন হয়েছি। শুধুমাত্র আমাকে নয়, আমার ঘনিষ্ঠ পরিবার এবং নিকটাত্মীয়দের প্রতিও আক্রমণ হয়েছে।
উল্লেখ্য, এপ্রিলের শেষ সপ্তাহে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স মুম্বাই বিমানবন্দরে জাকিয়াকে স্বর্ণসহ আটক করে। পরে স্বর্ণ জব্দ করে এবং একটি মামলা হয়। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি কারণ ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান থেকে তার কূটনৈতিক দায়মুক্তি রয়েছে।








