ভারতের সাবেক দুই ক্রিকেটার শেখর ধাওয়ান ও সুরেশ রায়নার সম্পদ জব্দ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নিষিদ্ধ জুয়ার অ্যাপের বিজ্ঞাপন প্রচার ও অর্থপাচার মামলার তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ধাওয়ান ও রায়নার মালিকানাধীন ১১ কোটি ১৪ লাখ রুপির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। আগে বাজি সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত অর্থপাচার তদন্তে ধাওয়ানকে তলব করেছিল দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অ্যাপের বিজ্ঞাপন প্রচার ও অর্থপাচার মামলার তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে, জানিয়েছে সংস্থাটি।
ইডি দীর্ঘদিন ধরেই জুয়ার অ্যাপের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে। যারা এধরনের অ্যাপের প্রচার করছিলেন বা বিজ্ঞাপনে অংশ নিচ্ছিলেন, তাদের বেশিরভাগকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সংস্থাটি এবারই প্রথম ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল।
বাজি সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মের থেকে ধাওয়ান-রায়না চুক্তিবাবদ অর্থ না নিলেও অন্য সুবিধা নিতেন। রায়নার নামে ৬ কোটি ৬৪ লাখ রুপির মিউচ্যুয়াল ফান্ড কেনা হয়েছিল, ধাওয়ানকে দেয়া হয়েছিল ৪ কোটি ৫০ লাখ রুপির সম্পত্তি। এসব অর্থ এসেছিল প্ল্যাটফর্মটির প্রচারণা থেকে, ধারণা করছে ইডি।








