মা হারালেন চিত্রনায়িকা পপি

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি’র মা মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপির মা মরিয়ম বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফেসবুকে এক পোস্টে ওমর সানী বলেন, “মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মা-ও আমার শাশুড়ি। ১৯৯৭ থেকে তাকে আমি সবসময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগত মুরুব্বিদেরকে হারাচ্ছি, তারপর আমার যাওয়ার পালা।”
দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করলে দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন অবস্থায় রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।






