ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে ভোট দেওয়ার ৬ দিন হয়ে গেলেও আঙুলে থাকা অমোচনীয় কালি তাকে ফেলেছে ভিন্ন এক ভাবনায়! ধর্মীয় অনুশাসন অনুযায়ী তার অজু ঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে থাকা ভোটের কালির একটি ছবি শেয়ার করেন বর্ষা। ছবিতে দেখা যায়, ৫ দিন পেরিয়ে গেলেও কালি স্পষ্টভাবে দৃশ্যমান। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।”
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত ও অনুসারীরা মন্তব্যে নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ তাকে আশ্বস্ত করেছেন যে এই কালি অজুতে বাধা সৃষ্টি করে না, আবার কেউ ধর্মীয় ব্যাখ্যা তুলে ধরে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের একটি ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই চিত্রনায়িকা। ভোট দেওয়ার পর তিনি বলেন, “ভোট হচ্ছে পবিত্র জিনিস। একটি ভোট আগামী বছর আমাদের সবাইকে লিড দিবে। মার্কা গুরুত্বপূর্ণ নয়, যে ব্যক্তিকে সবসময় পাওয়া যাবে, যিনি উপকারে আসবেন তাকে বেছে নেওয়া উচিত বলে মনে করি।”







