ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় সংঘটিত আলোচিত চুরির ঘটনার এক সপ্তাহের মাথায় প্রধান সন্দেহভাজন ফারুক, তার স্ত্রীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল উদ্ধারে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে চুরির পুরো ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ঈদের ঠিক আগে পরিকল্পিতভাবে ববির বাসাকে টার্গেট করে সংঘবদ্ধ চোরচক্রটি। বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তারা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
এর আগে গত ২৬ মে রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার নিজ বাসায় চুরির ঘটনা টের পান ববি। শুটিংয়ের কাজে বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা তার বাসায় প্রবেশ করে। পরে গৃহপরিচারিকার ফোন পেয়ে বাসায় ফিরে তিনি দেখতে পান, বেডরুমের জানালা ও বারান্দার গ্রিল কাটা এবং আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে।
চুরি যাওয়া মালামালের তালিকায় ছিল প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার, ডায়মন্ডের নাকফুল, দামি হাতঘড়ি এবং নগদ অর্থ।
এদিকে আসামিদের গ্রেপ্তারের পর বুধবার নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ববি। সেখানে তিনি লিখেছেন, “চোরকে সাধারণ চোর ভাবার কোনো সুযোগ নেই। এরা সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধী। মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়, আর রেখে যায় অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা ও অসীম কষ্ট।”
ঈদের আগমুহূর্তে ঘটে যাওয়া ঘটনাটিকে নিজের জীবনের অন্যতম বেদনাদায়ক অভিজ্ঞতা উল্লেখ করে ববি লেখেন, “ঈদের আনন্দ আমার জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। ঈদের মাত্র দুই দিন আগে আমার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে। আমার বাবার ভালোবাসার স্মৃতি হিসেবে দেওয়া প্রায় ৩০ থেকে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি হয়ে যায়।”
অভিনেত্রী আরও জানান, চুরি যাওয়া সম্পদের আর্থিক মূল্য থাকলেও তার কাছে সবচেয়ে বড় ক্ষতি বাবার স্মৃতিচিহ্ন হারানো। “শুধু সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা। জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়,” লিখেছেন তিনি।
গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে সন্তোষ প্রকাশ করে ববি জানান, “আল্লাহর রহমতে অভিযুক্ত ব্যক্তি ফারুক ও তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে এবং এখন পর্যন্ত ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ। তবে এখনও আমার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি।”
চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, তিনি আশা করছেন দ্রুত সবকিছু উদ্ধার হবে এবং জড়িতরা আইনের আওতায় উপযুক্ত শাস্তি পাবে।








