আবুধাবি টি-টেন লিগে নিজেদের পঞ্চম ম্যাচে বোলিং-ব্যাটিং দুটিতেই দারুণ করেছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের জ্বলে ওঠার দিনে অবশ্য ৩১ রানে হেরেছে তার দল বাংলা টাইগার্স।
টসে জিতে আজমান বোল্টসকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় বাংলা টাইগার্স। নির্ধারিত ১০ ওভার শেষে ১ উইকেটে ১৩৩ রান তোলে আজমান। জবাবে নেমে ৬ উইকেটে ১০২ রানে থামে বাংলাদেশি মালিকানাধীন দলটির ইনিংস।
বল হাতে টাইগার্সের একমাত্র সাফল্যটি এসেছে সাকিবের হাত ধরে। ২ ওভারে ১৭ রান খরচায় ১ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রানও এসেছে তার ব্যাট থেকেই। ছয়ে নামা সাকিব চারটি চার ও এক ছক্কায় ১৯ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন।
বাংলা টাইগার্সের হয়ে ইফতিখার আহমেদ ৮ বলে ২১ এবং হজরতউল্লাহ জাজাই ৯ বলে ১৭ রান করেন। আজমানের হয়ে দুটি উইকেট নেন মুহাম্মদ মোহসিন।
এর আগে আজমান ওপেনার অ্যালেক্স হেলস ৩০ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার অপরাজিত ইনিংসে ছিল ছয়টি করে চার ও ছক্কার মার। শেভন ড্যানিয়েল ১৮ বলে ২৭ এবং জেমস নিশাম ১৩ বলে ২০ রান করেন।






