আবুধাবি টি-টেন লিগে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের অফ স্পিনার আখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২৫-২৬ মৌসুমের আবুধাবি টি–টেনে খেলার সময় তিনটি অভিযোগে রেড্ডিকে দোষী সাব্যস্ত করেছে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। ওই আসরে তিনি অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।
রেড্ডির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ছিল ম্যাচের ফল বা ম্যাচের কোন অংশকে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা, একই ধরনের অপরাধে আরেকজন অংশগ্রহণকারীকে প্ররোচিত করার চেষ্টা এবং তদন্ত চলাকালে মোবাইল ফোন থেকে তদন্ত সংশ্লিষ্ট তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে বাধা দেয়া।
২০২৫ সালের নভেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আবুধাবি টি-টেনের দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল আইসিসি। তদন্ত শেষে তিনটি অভিযোগই প্রমাণিত হওয়ায় রেড্ডিকে আট বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আইসিসি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর ধরা হবে। অর্থাৎ, ওই দিন থেকেই তার নিষেধাজ্ঞার মেয়াদ গণনা শুরু হয়েছে।
২৬ বর্ষী আখিলেশ রেড্ডি ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এপর্যন্ত তিনি চারটি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

