টুইটারে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সমালোচনা করে একটি টুইট করেছেন তসলিমা নাসরিন। সেই সমালোচনার জবাব দিয়েছেন অভিষেক।
সম্প্রতি ‘দশভি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন। ছেলের এই অর্জনে দারুণ খুশি বাবা অমিতাভ বচ্চন। অভিষেকের প্রশংসা করে একটি টুইটও করেছেন তিনি।
অমিতাভ টুইটে লিখেছেন, ‘তুমি আমার গর্ব, আমার আনন্দ। সকলের মুখ বন্ধ করে দিয়েছো। তবে পাল্টা জবাব দিয়ে নয়, নিজের কাজের দক্ষতার মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।’
এরপরেই অমিতাভের এই টুইটের সমালোচনা করে একটি টুইট করেন তসলিমা নাসরিন। তসলিমা লিখেছেন, ‘অমিতজি তার সন্তানকে অনেক ভালোবাসেন। তাই তিনি মনে করেন তার সব গুণ ছেলে অভিষেকের মধ্যে রয়েছে। তার ধারণা একমাত্র তার পুত্রই সেরা। তবে অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো কোনো প্রতিভা অভিষেকের নেই।’
তসলিমার এই টুইটের জবাব দিয়েছেন অভিষেক। অভিনেতা লিখেছেন, ‘ঠিকই বলেছেন আপনি। প্রতিভা কিংবা অন্য কোনো দিক দিয়ে তার সমান কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সবসময়ে সেরাই থাকবেন। আমি তার সন্তান হতে পেরে গর্ব বোধ করি।
সূত্র: এনডিটিভি







