কারিশমা কাপুর বচ্চন পরিবারের বউ হবেন, একটা সময় এমনটাই ধরে নিয়েছিল সবাই। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পরিণতি পায়নি তাদের সম্পর্ক। কেন সেই বিয়ে ভেঙে গিয়েছিল তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এই জুটিকে নিয়ে মুখ খুলেছেন পরিচালক-প্রযোজক সুনীল দর্শন,
সুনীল দর্শন প্রযোজিত ‘হা ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়’ সিনেমাতে কাজ করেছিলেন অভিষেক আর কারিশমা। সেই সময় তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল। সুনীল সেটে সারাক্ষণ ‘ঝগড়া’ হতো তাদের। তাদের দেখে তখন সবার মনেই প্রশ্ন ছিল, ‘এরা কী করে একে-অপরের জন্য পারফেক্ট হতে পারে!’
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল বলেন, “অভিষেক-কারিশমার প্রেম ছিল, বিয়ে করারও কথা ছিল। আমরা এনগেজমেন্টেও গিয়েছিলাম। ববিতাজির জন্য কাপুর বোনেরা আমার খুব কাছের। ‘হা ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়’ একমাত্র সিনেমা যাতে অভিষেক আর কারিশমা একসঙ্গে কাজ করেছেন।”
এরপর নির্মাতা বলেন, “তারা ‘মেড ফর ইচ আদার’ ছিলেন না। সারাক্ষণ ঝগড়া করতেন। অভিষেক খুব ভালো একটা মানুষ। কারিশমাও অসাধারণ মানুষ। কিছু জিনিস ভাগ্যে থাকে না।”
২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘হা ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়’। এই সিনেমা মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই আলাদা হয়ে যায় অভিষেক-কারিশমার পথ।
সূত্র: হিন্দুস্তান টাইমস







