ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স-বিএবি সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ভাইস চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার রোমো রউফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান।
আজ (৯ সেপ্টেম্বর) সোমবার এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে গুলশানে বিএবি কার্যালয়ে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বৈঠকে বসেছেন।এই বৈঠক থেকে বিএবির সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হবে। প্রায় ১৭ বছর পর বিএবি’র পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব আসলো। এরপর এটিই প্রথম বৈঠক।
সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা বিএবি সভাপতি ছিলেন। যদিও বিএবির নিয়ম অনুযায়ী, এক কমিটির মেয়াদ তিন বছর। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।
ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। পাশাপাশি বিএবির দুই ভাইস চেয়ারম্যানসহ কমিটির একাধিক সদস্য ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। এই কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই।
অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তাদেরও নিজ নিজ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।








