টেস্ট এবং ওয়ানডে থেকে আগেই বিদায় নিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। এবার টি-টুয়েন্টি থেকেও অবসর নিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার। ছোট ফরম্যাটের ক্রিকেট অজিদের সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়া ও বিশ্বকাপ জেতানো অধিনায়ক তিনি।
গত সেপ্টেম্বরে ওয়ানডেকে বিদায় জানান ফিঞ্চ। চার মাস পর সবধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন ৩৬ বছর বয়সী তারকা ব্যাটার। ব্যাট-প্যাড তুলে রাখার ক্ষণে বলেছেন, ‘জানি ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নেবো না, তাই দলের পরিকল্পনা ও দলকে গড়ে তোলার সুবিধার্থে এখনই অবসরের সিদ্ধান্ত নিলাম। এটাই সঠিক সময়।’
২০০৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও আন্তর্জাতিক অঙ্গনে ফিঞ্চের শুরু ২০১১ সালে। ১০৩টি টি-টুয়েন্টি খেলে ৭৬টিতে অধিনায়কের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে তার নেতৃত্বে মারকুটে এই ফরম্যাটে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।
‘১২ বছর ধরে অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের। সর্বকালের সেরা কিছু খেলোয়াড়ের সতীর্থ হয়ে খেলা ও বিপক্ষে খেলতে পারাটাও আমার জন্য গৌরবের। সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যারা আন্তর্জাতিক ক্যারিয়ারে আমাকে সমর্থন করেছেন।’ বলেছেন ফিঞ্চ।
আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে ১৪৬ ওয়ানডে ও ৫টি টেস্ট খেলেছেন ফিঞ্চ, টি-টুয়েন্টিতেই আলো ছড়িয়েছেন বেশি। ছোট ফরম্যাটে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে ১৭২ রানের রেকর্ড ইনিংস খেলেছিলেন। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ডটি এখনও অটুট আছে।
অজিদের মধ্যে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান ফিঞ্চের। ১৪২.৫৩ স্ট্রাইকরেটে ৩,১২০ রান করেছেন। তারপর আছেন তার ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নার, করেছেন ২,৮৯৪ রান।







