জনপদ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত

বাংলাদেশের গ্রামীণ বাজারে মানুষজন ও যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি গ্রামীণ বাজারের ছবি যেখানে মানুষজন ও যানবাহন চলাচল করছে, পরিবেশটি সাধারণ ও ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাসেল হোসেন (১৪) নামের এক কিশোর নিহত ও উভয়পক্ষের অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

আজ সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও একই এলাকার ইউপি সদস্য নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল চরকাছিয়া গ্রামের মনির হোসেন ভূট্টুর ছেলে ও নজরুলের ভাতিজা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মিয়ার হাট এলাকার রাহুল ঘাট ও মেঘনা নদীতে ড্রেজিং (অবৈধ বালু উত্তোলন) নিয়ে রাহুল ও নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দু’পক্ষের ৪০/৫০ জন অনুসারী লাঠি সোটা ও দা-ছেনী নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় নজরুলের অনুসারী রাসেল প্রতিপক্ষের চুরিকাঘাতে নিহত হন। সংঘর্ষে রুহুল আমিন ও ফারুককারীসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত রাসেলের ফুফু রুনিয়া বেগম বলেন, রাহুলরা আমাদের জমি জোর পূর্বক দখল করে রেখেছে। মার্চ-এপ্রিল পর্যন্ত নদীতে নিষেধাজ্ঞা রয়েছে। এতে মৎস্য বিভাগ ক্যাম্প করতে চেয়েছিল মিয়ারহাট ঘাটে। রাহুল এ ক্যাম্পের বিপক্ষে ও মনির পক্ষে ছিল। তাই রাহুলের লোকজন অতর্কিত হামলা চালায়। তিনি এ হত্যার বিচার দাবী করেন।

লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাহুল ও নজরুল গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়:আওয়ামী লীগ পুলিশ লক্ষ্মীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…