ক্লাস শেষে বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম মনির হোসেন। সে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে কুষ্টিয়া শহরে ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন মনির। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দুপুর ১২ টায় ক্লাস শেষে ক্যাম্পাসের নিজস্ব বাসের জন্য অপেক্ষা না করে লোকাল বাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন মনির। পরবর্তীতে বাস থেকে নেমে বাড়ি যাওয়ার উদ্দেশে সিএনজিতে উঠলে ট্রাকের সাথে সংঘর্ষ হয় সিএনজির। এতে মারাত্মকভাবে আহত হন মনির। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করে।
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জুনিয়র ব্যাচের এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। তার বন্ধুরা বলেন, মনির আমাদের খুব ভালো বন্ধু ছিল। তার আচার ব্যবহারও অত্যন্ত ভদ্র ছিল। আজ সকালেও যার সাথে ক্লাস করলাম, সেই বন্ধুটি আর নেই, এটা মেনে নিতেই কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরে কুষ্টিয়া সদর হাসপাতালে মনিরের মৃত্যু হয়েছে বলে খবর পাই। আমি এখন সদর হাসপাতালেই আছি। মনিরের বাবা-মা এসেছেন। আমার ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে আমি শোকাহত।







