মেহেরপুরে শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের অনশন

মেহেরপুরে শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের অনশন চলাকালে একজন প্রতিবাদকারী।. Channel i News – চ্যানেল আই নিউজ
মেহেরপুরের গাংনীতে শহীদ বীর মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের সমাধিস্থল সংরক্ষণের দাবিতে আমরণ অনশনে বসেছিল তার ছেলে বুলু মন্ডল। শনিবার বেলা ১১ টার দিকে গাংনী শহীদ মিনারে কাফনের কাপড় নিয়ে আমরণ অনশন পালন করছিলেন তিনি। তবে খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহেরপুর-২ গাংনী আসনের এমপি বুলু মন্ডলের অনশন ভাঙ্গাতে যান।
শনিবার ২৫ মার্চ দুপুর ১টার দিকে ইউএনও ও এমপি শহীদ বীর মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের সমাধিস্থল সংরক্ষণ করে দেবার আশ্বাস দিলে অনশন ভঙ্গ করে বাড়ি ফিরে যান বুলু মন্ডল।
বুলু মন্ডল বলেন,গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে ২০২০ সালের শেষের দিকে তার পিতা শহীদ বীর মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের সমাধিস্থল বাধাই করার জন্য অর্থ বরাদ্দ দেয়। সে মোতাবেক টেন্ডার হলেও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের গাফলতির কারনে গত ৩ বছরেও কবর সংরক্ষণ করা হয়নি। এ কারণে আমরণ অনশনে বসেছিলাম আমি।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, তিনি গত কয়েকদিন আগে গাংনীতে যোগদান করেছেন। বিষয়টি খোজ খবর নিয়ে সরকারি বিধিবিধান অনুযায়ী সমাধিস্থল সংরক্ষন করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সহিদুজ্জামান খোকন বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সুবিধা নিশ্চিত করেছে। কোন কারণে শহীদ বীর মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের সমাধিস্থলটি সংরক্ষণ হয়নি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুতই সমাধিস্থলটি সংরক্ষণের ব্যাবস্থা নেয়া হবে।





