রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্স থেকে দুর্বৃত্তরা প্রায় ৫০০ ভরি রুপা ও ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
আজ (৫ জানুয়ারি) সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ২১ মিনিটে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের লকার ও বিভিন্ন বাক্স খুলে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপা হাতিয়ে নেয়।
চুরির ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।







