শেরপুর প্রতিনিধি: মোটরসাইকেলে পরীক্ষা দিতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি আমবোঝাই ট্রাকের চাপায় মাসুদুর রহমান মাসুদ নামে এইচএসসি পরীক্ষার্থী এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে।
শেরপুর-ঝিনাইগাতী সড়কের সদর উপজেলার মির্জাপুর এলাকায় শনিবার সকাল দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাসুদুর রহমান মাসুদ শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মুদি দোকানদার মতিউর রহমান মতি মিয়ার ছেলে। মাসুদ তাতালপুর বিএম টেকনিক্যাল মডেল কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিল। নিহত মাসুদ এইচএসসি’র প্রি-টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য কলেজে যাচ্ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।








