ক্যারিবীয় সাগরে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা।







