ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে তারা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আদালতে নেয়া হলে বিচারকের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ছয় শিক্ষার্থী হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকীন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম।
আজ শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তোফাজ্জল হত্যা মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্ব ও নিবিড়ভাবে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী শাহবাগ থানায় মামলা করেন। পরে বিকেলে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।









