ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ৬৭ জন।
বিবিসি জানিয়েছে, ঝড় শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। কমপক্ষে ৫ লক্ষ মানষ বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানি ছাড়াই দিন কাটাচ্ছেন।
রাজ্যের ৪৯৭টি শহরের অর্ধেকেরও বেশি ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বেশ কয়েকটি এলাকায় রাস্তা ও সেতু ভেঙে গেছে। ঝড়ের কারণে বেন্টো গনসালভেস শহরের কাছে ভূমিধস এবং বাঁধ ভেঙে গেলে নিহত হন ৩০ জন।কর্তৃপক্ষ জানিয়েছে, পানি বেঁড়ে যাওয়ায় এলাকার আরেকটি বাঁধও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
জানা গেছে, বন্যায় আঞ্চলিক রাজধানী পোর্তো আলেগ্রেতের আশেপাশের এলাকা তলিয়ে গেছে। পোর্তো আলেগ্রেতের আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে।
ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটি পরিদর্শন করেছেন। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেটিওরোলজি জানিয়েছে, এল নিনোর কারণে বৃষ্টিপাতের তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেয়েছে।







