মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারীর গ্রুপের উজির আলীর লোকজন সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা গ্রুপের সমর্থক শওকতের লোকদের ওপর হামলা চালায়।
রিপন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। এ ঘটনায় গুলিবিদ্ধ বাবুল বেপারী, ইখতিয়ার বেপারী, আব্দুর রব, মহিউদ্দিন শেখ ও আসলাম মোল্লাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল আনা হলে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান জানান, গতকাল রাত ১০টার দিকে পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তাদের হাত–পায়ের বিভিন্ন স্থানে ছররা গুলির আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।







