‘এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি/ডুবায়ে ভাসাইতে পারো ভাসায়ে কিনার দাও কারো’- লালন সাঁইজির এ অমীয় বাণীর মধ্য দিয়ে ফকির টুনুটুন বাউলের সুরে আশ্রমে অবস্থিত চারশ বছরের ঐতিহ্য প্রাচীণ স্থাপনার আঙিনায় শুরু হয়েছে চৈত্র সংক্রান্তির সাধুসঙ্গের ভাবসঙ্গীতের পালা।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকালে বাংলা বছরের বিদায় ও বৈশাখকে স্বাগতম জানিয়ে মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে এই আয়োজন শুরু হয়। প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে লালন সাঁই সেবা আশ্রমের আয়োজনে ৫ দিন দিনব্যাপী সাধুসঙ্গ চলবে।
বাংলার সনাতনী ঐতিহ্যে কৃষ্টি-সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ৩০ চৈত্র থেকে ৪ বৈশাখ পর্যন্ত আধ্যাত্মিক ভাবধারার এ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে বাড়তি আনন্দ-উৎসব লক্ষ্য করা গেছে।
এতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধশত সাধু গুরু, বিশ্বখ্যাত লালন শিল্পী, গবেষক, বাউল ও ভক্ত অনুসারীগণ অংশ নিয়েছেন।
তাদের মধ্যে ছিলেন কুষ্টিয়া থেকে আগত আশরাফুল ফকির, রমিজ ফকির, মারফত ফকির, আলতাফ ফকির, বেলী ফকিরনী, মামুন ফকির, শারমিন ফকিরনী, রনি ফকির, সুমন ফকির, বাউল বিদ্যুৎ খেপা। এছাড়াও দেশের বিখ্যাত বাউল পাগলা বাশার, চ্যানেল আইয়ের বিল্লাল হোসেন, মওলা বাউল, লালন বাউল।
লালন সাঁই সেবা আশ্রমের সভাপতি এম এ মোমেন-এর সভাপতিত্বে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মীর নাসির উদ্দীন উজ্জ্বল।
সেবা আশ্রমের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গুলজার হোসেন ও বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান।
এতে লালন সাঁইজির বহু ভক্ত অনুসারীরা অংশ নেন। ৪ বৈশাখ শেষ প্রহর পর্যন্ত একটানা চলবে এই সাধুসঙ্গ। এতে দেশ- বিদেশের খ্যাতিমান অনেক বাউলশিল্পী সঙ্গীত পরিবেশন করবেন।







