ভোরের অন্ধকারে ভূমধ্যসাগরের বুকে ভেসে উঠেছিল মানবিক বিপর্যয়ের এক ভয়াবহ চিত্র। গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপসংলগ্ন সমুদ্রে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি—যা এই ঝুঁকিপূর্ণ যাত্রার বাস্তবতা ও গভীর সংকটকে নতুন করে সামনে এনেছে।
উদ্ধারকারীরা একটি মাছ ধরার নৌকায় গাদাগাদি অবস্থায় থাকা শত শত অভিবাসীকে খুঁজে পান।
কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃতদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে, বাকিরা মূলত প্রাপ্তবয়স্ক পুরুষ। রেথিম্নোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস জানান, এখন প্রশাসনের প্রধান লক্ষ্য মানবপাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা
জাতীয়তা অনুযায়ী উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিসরীয়, ১২ জন ইরিত্রীয় (যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে), ৫ জন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীদের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে প্রায় ৩৬ ঘণ্টার বিপজ্জনক সমুদ্রযাত্রা শেষে গ্রিসে পৌঁছান।
তবে এ বিষয়ে গ্রিসের বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।







