গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় বাসচাপায় চার জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানগাড়িতে ময়মনসিংহগামী বেপরোয়া বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
পুলিশ জানায়, খবর পেয়ে চারজনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরও একজনের মৃত্যুর কথা স্থানীয়রা জানলেও আমরা নিশ্চিত নই। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। এক জন আহত রয়েছে।







