বাংলাদেশ

এনএসআইয়ে ১০ বছরে সৃষ্টি হচ্ছে ৩৯৪০ নতুন পদ

এনএসআইয়ে ১০ বছরে সৃষ্টি হচ্ছে ৩৯৪০ নতুন পদ

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাংগঠনিক কাঠামোতে আগামী ১০ বছরে ৩ হাজার ৯৪০টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। ২০২৬ থেকে ২০৩৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টির বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

এনএসআইয়ের সাংগঠনিক কাঠামোতে নতুন পদ সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০ সেপ্টেম্বরের একটি স্মারক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ আগস্টের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নথি অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩৬ সাল পর্যন্ত বিভিন্ন পদে পর্যায়ক্রমে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার, ফিল্ড স্টাফ, আর্মড কনস্টেবলসহ বিভিন্ন পদ রয়েছে।

সবচেয়ে বেশি নতুন পদ সৃষ্টি করা হবে জুনিয়র ফিল্ড অফিসার, ফিল্ড স্টাফ, সহকারী পরিচালক ও ফিল্ড অফিসার পদে। এর মধ্যে জুনিয়র ফিল্ড অফিসার পদে মোট ৭০৯টি, ফিল্ড স্টাফ পদে ৮২৫টি এবং সহকারী পরিচালক পদে ৮৮০টি পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে। ফিল্ড অফিসার পদে রয়েছে ৮০০-এর বেশি পদ।

এ ছাড়া উপপরিচালক, অতিরিক্ত পরিচালক, পরিচালক, সহকারী প্রোগ্রামার, রেডিও ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক কাম কম্পিউটার টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়কসহ বিভিন্ন পদও রয়েছে।

নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে অর্থ বিভাগ। এর মধ্যে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ এবং অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের মাধ্যমে বেতনস্কেল নির্ধারণ বা যাচাই করতে হবে। পাশাপাশি পদ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।

বিদেশে এনএসআইয়ের লিংক অফিস স্থাপনের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি এবং অর্থ বিভাগের সম্মতি নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সব বিধিবিধান অনুসরণ করতে হবে।

এ ছাড়া প্রশাসনিক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্থায়ী বা অস্থায়ী পদ সৃষ্টির সরকারি আদেশ (জিও) জারি করতে হবে। নতুন সৃষ্ট পদ সংশ্লিষ্ট দপ্তরের টিওএন্ডইতে অন্তর্ভুক্ত করে তা হালনাগাদ করতে হবে।

যেসব পদ বর্তমানে নিয়োগ বিধিতে নেই, সেগুলো নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপ করা সব শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিষয়:১০ বছর ৩ ৯৪০ নতুন পদ এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…