৩৩০ বিজিপি সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে বৃহস্পতিবার

বিজিপি সদস্যদের মিয়ানমারে হস্তান্তর প্রক্রিয়া চলাকালে দেখা যাচ্ছে, কিছু সদস্যকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিয়ানমারে চলমান যুদ্ধে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপির ৩৩০ সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। কক্সবাজারের উখিয়ার ইনানীস্থ বঙ্গোপসাগরের উপকূলের নৌবাহিনীর জেটি ঘাট এলাকা দিয়ে তাদের মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবিসহ একাধিক সূত্র বলছে, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনের এই ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। যেখানে বিজিবির অধীনের আহতদেরও চিকিৎসা প্রদান করা হয়। উভয় দেশের আলোচনার প্রেক্ষিতে মিয়ানমারের নৌ বাহিনীর একটি জাহাজ বাংলাদেশের সীমানায় আসবে। জাহাজটি গভীর সাগরে অবস্থান করবে। আশ্রয়রত ৩৩০ জনকে পৃথক নৌ-যানে ওই জাহাজে নিয়ে গিয়ে এদের হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার সকালে ৮টায় এ প্রক্রিয়া শুরু হবে।






