কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৩ সেনা নিহত

সাউথ আমেরিকার দেশ কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ১২১ জন আরোহী নিয়ে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৩৩ জন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৮১ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সি-১৩০ হারকিউলিস মডেলের উড়োজাহাজটিতে ১১০ জন সেনা ও ১১ জন ক্রু সদস্য ছিলেন।
জানা যায়, পুয়ের্তো লেগুইজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় দুই কিলোমিটার পরই যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাঠে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর ঘন বনাঞ্চলঘেরা এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
পৌরসভার ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নিজস্ব সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন বড় হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানান, আহতদের সরিয়ে নিতে বিশেষ সুবিধাসম্পন্ন দুটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।






