বরিশালের বাকেরগঞ্জে কাঠের ব্রিজ এলাকায় বাস ট্রলি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। নিহতরা হলো ট্রলির চালক, হেলপার ও শ্রমিক।
সকালে বাকেরগঞ্জ পৌর এলাকার কাঠের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুয়াকাটা থেকে বরিশালগামী একটি যাত্রিবাহী বাস বাকেরগঞ্জ পৌর এলাকার কাঠের ব্রিজ এলাকা অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রলির সাথে বাসটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক রাকিব হাওলাদার নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রলির হেলপার বায়জিদ হাওলাদার ও শ্রমিক জহিরুল তালুকদারকে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান। নিহতরা সবাই বাকেরগঞ্জের বাকেরকাঠি এলাকার বাসিন্দা।
পুলিশ ঘটনাস্থল থেকে বাসের চালক শামিম আকনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।








